
তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা:
চলতি মৌসুমে দীর্ঘদিন ইলিশের দেখা না পেলেও হঠাৎ গভীর বঙ্গোপসাগরে এক জালেই প্রায় ১০০ মণ ইলিশ পেয়েছেন বরগুনার পাথরঘাটার ‘এফবি নাজমা’ ট্রলারের জেলেরা।
বিপুল পরিমাণ মাছ নিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটে ফেরে ট্রলারটি। ট্রলারের মাঝি বাপ্পি মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে রওনা হন তারা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সাগরে জাল ফেলেন। প্রায় দুই ঘণ্টা পর জাল তুলতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখতে পান। মাছের পরিমাণ এত বেশি ছিল যে, জাল থেকে মাছ ছাড়াতেই তাদের হিমশিম খেতে হয়। ট্রলার মালিক এনামুল হোসাইন জানান, প্রায় ১০০ মণ ইলিশ ২৫ হাজার টাকা মণ দরে বিক্রি করে প্রায় ২৫ লাখ টাকা পাওয়া গেছে।
মাছের আকার তুলনামূলক ছোট হওয়ায় দাম কম হয়েছে বলেও জানান তিনি। পাথরঘাটা বিএফডিসি আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, চলতি মৌসুমে এ এলাকায় এক ট্রলারে একসঙ্গে ১০০ মণ ইলিশ পাওয়ার ঘটনা এটাই প্রথম। জেলেরা জানান, দীর্ঘদিন মাছ না পাওয়ায় সংসার চালাতে তাদের কষ্ট হচ্ছিল।
একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এদিকে এ ঘটনায় অন্যান্য ট্রলার মালিক ও জেলেরাও নতুন আশায় গভীর সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছেন।