সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডলকে চাকরি থেকে বরখাস্ত করেছেন সরকার। বরখাস্ত ও অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী তাঁর বিরুদ্ধে এ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এই ঘটনার পর তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি। পরবর্তীতে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ২০২৫ সালের ২ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক আদেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সে সময় তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় অনুপস্থিতির দিন থেকেই তাঁকে সাময়িক বরখাস্তের আওতায় আনা হয়।
উল্লেখ্য, একই প্রজ্ঞাপনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার তথ্য নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।