
ডেস্ক রিপোর্টার:
ফেনীর কনটেন্ট ক্রিয়েটর আবু তালেব মাসুদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়েছে। অভিযোগের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলেও অভিযোগটি অস্বীকার করেছেন আবু তালেব। তার দাবি, তাকে সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন। অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেনস্তা, মানহানি এবং তার ফেসবুক আইডি ও পেজ ক্ষতিগ্রস্ত করার হুমকির কথা উল্লেখ করেছেন তিনি।
আবু তালেবের দাবি, তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া অভিযোগের পেছনে একটি ফোনালাপকে সম্পাদনা করে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগের কোনো সত্যতা নেই বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অভিযোগ ছড়িয়ে দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি যাচাই করা প্রয়োজন। তদন্ত ছাড়া এমন গুরুতর অভিযোগ প্রচার করা হলে একজন ব্যক্তির সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।