
নওগাঁর পোরশা থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও একাধিক পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। অভিযান শেষে গতকাল ৩১ আগস্ট ২০২৬ তারিখে আসামিদের থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পোরশা থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও এএসআই মোঃ তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত ৩০ আগস্ট ঢাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুরের বসিলা বস্তি এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয় ও মামলার বিবরণ:
১. মোঃ বিশু শেখ (৪৭): পিতা-মৃত জমির উদ্দিন, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তিনি জিআর-৯২/২০২১ (পোরশা) মামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তাঁর বিরুদ্ধে জিআর-৫৪/২০২৩, জিআর-৩৩/২০২৩ এবং জিআর-০৮/২০২২ সহ একাধিক পরোয়ানা ছিল।
২. নাজিরা খাতুন (৪০): স্বামী-মোঃ বিশু শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তাঁর বিরুদ্ধে পোরশা থানার জিআর-১৩৪/২০১৯, জিআর-৩০/২০১৯ এবং জিআর-৩৩/২০২৩ মোট ৩টি মামলার পরোয়ানা ঝুলছিল।
৩. মোঃ আব্দুল হামিদ (৫০): পিতা-জিদ্দার রহমান, সাং-বড় গ্রাম দক্ষিণপাড়া, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তিনি ফুলবাড়ী থানার সিআর-২৩৪/২০২৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাঁর বিরুদ্ধে সিআর-২২৫/২০২৪ (ফুলবাড়ী) এবং বগুড়া সদরের সিআর-২৯৩৩সি/২০২৫ সহ একাধিক মামলা রয়েছে।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।