
নওগাঁর পোরশা উপজেলার ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আঃ মজিদের সমর্থনে প্রায় ১০০ মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শোডাউনটি সারাইগাছি থেকে শুরু হয়ে গাঙ্গুরিয়া বাজার, মিছিরা, বড়গুন্দইল, বাদ কহেন্দ, কোচপুর, বালিয়াচান্দা, পলাশবাড়ী, পশ্চিম দেওলিয়া, আমদা ও বাহারুলসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সারাইগাছি পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
শোডাউনে গাঙ্গুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আঃ মজিদের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
অংশগ্রহণকারী সমর্থকেরা বলেন, আলহাজ্ব মো. আঃ মজিদ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তাঁরা।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. আঃ মজিদ বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে গাঙ্গুরিয়া ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করব।”
শোডাউনকে কেন্দ্র করে গাঙ্গুরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।