
নওগাঁর পোরশা উপজেলার ঐতিহ্যবাহী নিতপুর পুরাতন বাজারে অভিযান চালিয়ে অবৈধ বোয়াল মাছের বাচ্চা (পোনা মাছ) জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত এসব মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার] সকালে নিতপুর পুরাতন বাজারে নিয়মিত বাজার মনিটরিং ও বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী নিতপুর পুরাতন বাজারে ছোট বোয়াল মাছের পোনা বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে বিক্রেতারা মাছ রেখেই পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে ০৫ কেজি বোয়াল মাছের বাচ্চা জব্দ করা হয়।
জব্দকৃত বোয়াল মাছের পোনাগুলো বিনষ্ট না করে উপজেলার পোরশা এতিমখানা-র এতিম শিশুদের মাঝে খাবার হিসেবে বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারি উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী বলেন, “দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ছোট মাছ বা পোনা মাছ নিধন দণ্ডনীয় অপরাধ। আমাদের এই অভিযান নিয়মিত চলবে। জব্দকৃত মাছগুলো আমরা নষ্ট না করে স্থানীয় এতিমখানায় দিয়ে দিয়েছি যাতে এতিম শিশুরা পুষ্টিকর খাবার পায়।”
অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাজার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও ক্রেতারা