
হাফসা আক্তার, নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ডে সড়ক পরিবহন শ্রমিকদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে শ্রমিক ও পথচারীদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন সংগঠনের নেতারা।
মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. নং–ঢাকা-২৪০৫)-এর সভাপতি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, ন্যায্য দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরে বক্তব্য দেন।
সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিকেরা প্রতিদিন রাজধানীর সড়কে মানুষের যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কল্যাণ, নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য দাবি ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্য শেষে মিরপুর-১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন ইউনিয়নের নেতারা। পাশাপাশি তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও গণসংযোগ করা হয়।
কর্মসূচিতে সংগঠনের নতুন কার্যকরী সভাপতি মো. আজিজ ব্যাপারী, সহসভাপতি বশিরুল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ কার্যকরী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন থানা এলাকার নেতাকর্মী ও ইউনিয়নের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।