
নওগাঁর পোরশায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র রোপণকৃত ও সংরক্ষণের আওতাভুক্ত ১৬টি শিশু গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে। ৩০ আগস্ট উপজেলার ফকিরের মোড়-বড়গুন্দইল দাখিল মাদ্রাসা সংলগ্ন রাস্তার পাশে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরজমিনে তদন্ত করে দ্রুত আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএমডিএ পোরশা জোনের সহকারী প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা আইনুল হক। আবেদন সূত্রে জানাগেছে, পোরশা উপজেলার বড়গুন্দইল গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে তৈয়বুর রহমান, মৃত আঃ খাতের মন্ডলের ছেলে আমিনুল ইসলাম এবং মীর কাশেম দিনের আলোতে কতৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়াই প্রকাশ্যে সরকারি এসব গাছ কেটে ফেলেন। গাছগুলি বিক্রি করে অর্থ আতœসাত করেন। আবেদনকারী আইনুল হক জানান, সরকারি সম্পত্তি ও বনায়ন বিনষ্টকারী এই বেআইনি কর্মকান্ডের ফলে এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হতে পারে। এছাড়াও সরকারি সম্পদের অপপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় তিনি তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, সরকারি বনায়নের গাছ এভাবে প্রকাশ্যে কেটে ফেলা অত্যন্ত উদ্বেগজনক। তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের অপকর্ম আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন। এবিষয়ে জানতে চাইলে অতিরিক্ত দায়িত্বে থাকা বিএমডিএ পোরশা জোনের সহকারি প্রকৌশলী মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #