
নওগাঁর পোরশায় বাসাবাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গ্রাম শাহুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল মামুন ওই গ্রামের মোঃ মোজাফফর হোসেনের ছেলে। তারা পিতা-পুত্র যৌথভাবে উপজেলার তাঁতি পাড়া মোড়ে হোটেল ও মিষ্টির ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দোকানের কাজ শেষ করে বাসায় যাওয়ার কথা বলে বের হন আল মামুন। দুপুর ১২টার দিকে তিনি বড়গ্রাম শাহুপাড়া গ্রামস্থ তাদের ভাড়া বাসার ছাদে ভেজা কাপড় শুকাতে যান। সেখানে আগে থেকেই একটি বৈদ্যুতিক তার লিক (ছিদ্র) হয়ে ছিল। কাপড় ভেজা থাকায় বৈদ্যুতিক তারে স্পর্শ লাগামাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে বিকট শব্দ হয়ে তারে আগুন ধরে যায় এবং তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে মামুনের ঠোঁটের নিচের অংশ ঝলসে যায় এবং বাম হাতের কনুইয়ের ওপরের অংশ পুড়ে যায়।
ঘটনার পর নিহতের বাবা মোঃ মোজাফফর হোসেন পোরশা থানায় হাজির হয়ে বিষয়টি অবহিত করেন। অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটায় এবং এ বিষয়ে পরিবার বা স্বজনদের কোনো অভিযোগ না থাকায়, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ব্যতিরেকেই লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।