
ফিরোজ আহম্মেদ,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অদ্য রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুককে আটক করা হয়।
গ্রেপ্তার ওমর ফারুক নিয়ামতপুর উপজেলার শিয়ালীপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।