
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক প্রতিনিধির বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বালিয়াকান্দি থানা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শফিকুল ইসলাম ( পিতা: জয়ধর বেপারী) দীর্ঘদিন যাবৎ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিনিধি পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করে আসছিলেন।
১০ বছর ধরে তিনি গ্রাহকদের কাছ থেকে প্রায় ২০ লক্ষাধিক টাকা আদায় করেন। তবে বীমার মেয়াদ পূর্ণ হলেও তিনি গ্রাহকদের জমানো টাকা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করেন।
ভুক্তভোগীরা জানান, গত এক সপ্তাহ ধরে ওই প্রতিনিধি আত্মগোপনে রয়েছেন। তার বাড়িতে গিয়েও কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তিলে তিলে সঞ্চয় করা কষ্টের টাকা ফেরত না পেয়ে বর্তমানে চরম অসহায় ও দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা।
প্রতারণার শিকার অক্ষয় চন্দ্র বিশ্বাস, বিনা বেগম, রেজিয়া, মনজিলা, কিয়ামুদ্দিনসহ একাধিক ভুক্তভোগী দ্রুত উক্ত প্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের জমানো টাকা উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে জানান।