
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে নিবন্ধনবিহীনভাবে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৪৩)। তিনি তাহেরপুরের বিশুপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. আব্দুল জলিল।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। তিনি জানান, নিবন্ধনবিহীনভাবে সার বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। মামলায় তাঁকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে ১২ বস্তা ডিএপি সার, ২ বস্তা ইউরিয়া সার এবং ২ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
জব্দ করা সার সংশ্লিষ্ট অতিরিক্ত কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় কৃষকদের কাছে সার সরবরাহ ও সার বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।