
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার বেলা ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় প্রথম শ্রেণি থেকে স্নাতক (ডিগ্রি) পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক বা ফ্রি করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করে দিয়েছি।’
এই কার্ডের আওতা ও বাজেট বরাদ্দ নিয়ে তিনি জানান, “চলতি অর্থবছরে সারা দেশে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।”
কার্ড বিতরণের প্রক্রিয়া স্পষ্ট করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রত্যেক উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন। আগামী পাঁচ বছরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্রমান্বয়ে চার কোটি পরিবারের নারী সদস্যরা প্রত্যেকেই ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন।”
জনগণের শক্তির ওপর আস্থা প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “বিএনপির পাশে যতক্ষণ জনগণ থাকবে ততক্ষণ বিএনপি কোন বাধা না মেনে দেশের স্বার্থে কাজ করবে।”
নারীদের শিক্ষা বিস্তারে তার সরকারের নতুন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ ফ্রি করে দিয়েছিলেন। তাকে অনুসরণ করে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা ফ্রি করবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।”
এর আগে এক দিনের সফরে সড়কপথে বরিশাল পৌঁছান প্রধানমন্ত্রী। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ করেন।
গৌরনদীর কর্মসূচি শেষ করে তিনি বরিশালের মূল শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে দুপুরে তার আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বিকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।